বরাক তরঙ্গ, ২৮ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলাজুড়ে জোরদার করা হয়েছে ভোটার সচেতনতা অভিযান। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। শনিবার দক্ষিণ হাইলাকান্দির মনিপুর ডেভেলপমেন্ট ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিশেষ সচেতনতা কর্মসূচি। জেলা প্রশাসনের সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (SVEEP) সেলের উদ্যোগে এবং রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা মিশন (SRLM)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বহু সাধারণ ভোটার, বিশেষ করে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এসভি ইইপি এর প্রতিনিধি শংকর চৌধুরী, বিজয়িনী চৌধুরী, মনেশ পেগু, বিপিএম দিলোয়ার হোসেন তাপাদার —ভোটারদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে একটাই বার্তা স্পষ্টভাবে উঠে আসে—গণতন্ত্রের আসল শক্তি নিহিত রয়েছে ভোটাধিকার প্রয়োগে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বিশেষ করে প্রথমবারের ভোটারদের উৎসাহ ও আগ্রহ এই কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের শেষে শংকর চৌধুরীর নেতৃত্বে উপস্থিত সকলকে ভোটার অঙ্গীকার পাঠ করানো হয়। এতে অংশগ্রহণকারীরা সচেতনভাবে ভোটদান এবং অন্যদেরও ভোটদানে উদ্বুদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



