পাথারকান্দি জিপির হাসপাতাল রোডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন_____
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশই চরমে পৌঁছাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে শনিবার পাথারকান্দি গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল রোডে অবস্থিত বুথ নং ২০-এ বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত কর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠকে অংশ নেন। বৈঠকে তিনি নির্বাচনী রণকৌশল, বুথ ব্যবস্থাপনা, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং ঘরে ঘরে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি স্পষ্টভাবে জানান, “নির্বাচনে জয়লাভের মূল চাবিকাঠি হলো শক্তিশালী বুথ সংগঠন। তৃণমূল স্তরের কর্মীরাই আমাদের আসল শক্তি তাঁদের নিষ্ঠা, পরিশ্রম এবং মানুষের সঙ্গে সংযোগই আমাদের সাফল্য এনে দেবে। তিনি আরও বলেন, এই অস্থায়ী নির্বাচনী কার্যালয় কেবলমাত্র রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র নয়, বরং এটি হবে সাধারণ মানুষের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। স্থানীয় মানুষ এখানে এসে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ এবং প্রয়োজনীয় বিষয়গুলি সরাসরি জানাতে পারবেন। দ্রুত সমাধানের জন্য দলীয় স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।



