৮ প্রার্থীর সরে দাঁড়ানোয় শ্রীভূমির ৪টি আসনে ৪৭ জন প্রতিদ্বন্দ্বী, বহুমুখী লড়াইয়ের ইঙ্গিত

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি জেলায় রাজনৈতিক আবহ ক্রমশই তপ্ত হয়ে উঠছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলার মোট ৮ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করায় এখন চারটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ৪৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফলে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে লড়াই আরও ত্রিমুখী ও বহুমুখী হওয়ার ইঙ্গিত মিলছে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে জেলার মোট ৫৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। সেই তালিকা থেকেই আজ ৮ জন সরে দাঁড়ানোয় চূড়ান্ত লড়াইয়ের ছবি স্পষ্ট হয়েছে। ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে প্রথমে ১৬ জন প্রার্থী বৈধতা পেলেও, লুৎফুর রহমান বড়ভূইয়া ও আব্দুল গফ্ফার তালুকদার মনোনয়ন প্রত্যাহার করায় এখন এই আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই কেন্দ্রে নির্দল ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতিতে লড়াই যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিনয় কৃষ্ণ রায় (নির্দল), অরুণাংশু ভট্টাচার্য (এসইউসিআই-সি), জাকারিয়া আহমদ (কংগ্রেস), সুব্রত ভট্টাচার্য (বিজেপি), পরিমল রঞ্জন রায় (তৃণমূল কংগ্রেস) এবং চৌধুরী হিববুর রাসুল উসামা মাবরুর (এআইইউডিএফ) প্রমুখ। অন্যদিকে, ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে শুরুতে ২০ জন প্রার্থী থাকলেও ৫ জন প্রার্থী—আব্দুল করিম, আহমদ হোসেন লস্কর, সামসুল ইসলাম, গুলাম রব্বানি চৌধুরী ও মোহাম্মদ জাহারুল ইসলাম—মনোনয়ন প্রত্যাহার করায় এখন এই আসনে ১৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। এই কেন্দ্রে কংগ্রেস, তৃণমূল, এআইইউডিএফ এবং অসম গণ পরিষদের প্রার্থীদের পাশাপাশি একাধিক নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামায় ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে। আমিনুর রসিদ চৌধুরী, আজিজ আহমেদ খান, সিহাব উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ প্রার্থীদের ঘিরে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

১২৫ পাথারকান্দি বিধানসভা আসনে ৯ জন বৈধ প্রার্থীর মধ্যে রাজীব ব্যানার্জি মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে ৮ জন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন। এই আসনে আম আদমি পার্টির সায়নুল হক, বিজেপির কৃষ্ণেন্দু পাল, কংগ্রেসের কার্তিকসেনা সিনহা এবং অন্যান্য নির্দল প্রার্থীদের উপস্থিতিতে লড়াই জমজমাট হতে চলেছে। এদিকে, ১২৬ রামকৃষ্ণ নগর বিধানসভা আসনে ৯ জন বৈধ প্রার্থীর মধ্যে কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে এই আসনে পূর্ণ সংখ্যক প্রার্থী নিয়ে সরাসরি লড়াই অনুষ্ঠিত হবে। কংগ্রেসের সুরুচি রায়, বিজেপির বিজয় মালাকার, এআইইউডিএফ-এর অনুপ কুমার দাস তালুকদার সহ একাধিক নির্দল প্রার্থীর অংশগ্রহণে এই কেন্দ্রেও উত্তেজনা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শ্রীভূমি জেলার চারটি আসনেই এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিপুল সংখ্যক নির্দল প্রার্থীর উপস্থিতি ভোট বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ফলে প্রতিটি আসনেই জয়-পরাজয়ের ব্যবধান হতে পারে খুবই সামান্য। সব মিলিয়ে, মনোনয়ন প্রত্যাহারের পর শ্রীভূমি জেলার নির্বাচনী চিত্র এখন আরও স্পষ্ট এবং একই সঙ্গে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এখন প্রার্থীদের নজর ভোটারদের মন জয় করার দিকে, আর সাধারণ মানুষের চোখ আসন্ন ভোটের ফলাফলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *