মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : পাথারকান্দির রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম কৃষ্ণেন্দু পাল। তবে তিনি কেবল রাজনীতিক হিসেবেই নন, মানবিকতা ও সহমর্মিতার জন্যও সমানভাবে পরিচিত। সোমবার সেই মানবিক রূপেরই এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল শ্রীভূমি।
এদিন পাথারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে টানা তৃতীয়বারের মতো প্রার্থী হওয়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির টিকিটে মনোনয়নপত্র দাখিল করেন কৃষ্ণেন্দু পাল। সকাল থেকেই এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ। দলীয় পতাকা, স্লোগান, ঢাক-ঢোল এবং কর্মী-সমর্থকদের বিপুল উপস্থিতিতে তৈরি হয় জনজোয়ার। শোভাযাত্রার মাধ্যমে তিনি শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে পৌঁছে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন দাখিলের পর দুপুরে কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় ঘটে এক হৃদয়স্পর্শী ঘটনা। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ভিড়ের মাঝে দাঁড়িয়ে ছিলেন এক শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি, আব্দুল মনাফ। ভিড় ঠেলে মন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন তিনি। বিষয়টি নজরে আসতেই কৃষ্ণেন্দু পাল সব আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা বলয় উপেক্ষা করে তাঁর কাছে এগিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি নিজে হাঁটু গেড়ে বসে মনাফের কথা মনোযোগ দিয়ে শোনেন। এরপর নিজের গলায় থাকা গামছা খুলে সম্মানের সঙ্গে তাঁর গলায় পরিয়ে দেন এবং স্নেহভরে তাঁকে বুকে জড়িয়ে নেন। এই দৃশ্য উপস্থিত জনতার মধ্যে গভীর আবেগের সঞ্চার করে। অনেকে মুহূর্তটি মোবাইলে ধারণ করেন, আবার অনেকেই করতালির মাধ্যমে প্রশংসা জানান।
এদিকে, আব্দুল মনাফ আবেগাপ্লুত হয়ে কৃষ্ণেন্দু পালকে আশীর্বাদ জানিয়ে বলেন, তিনি আবারও বিপুল ভোটে জয়ী হবেন এবং পাথারকান্দিতে টানা তৃতীয়বারের মতো বিধায়ক হওয়ার নজির গড়বেন। তাঁর কথায় ফুটে ওঠে আস্থা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।



