পাথারকান্দি ও রামকৃষ্ণনগর কেন্দ্রে মনোনয়ন দাখিল এসইউসিআই-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : শ্রীভূমির আরও দু’টি আসনে মনোনয়ন জমা দিল এসইউসিআই (কমিউনিস্ট)। সোমবার ১২৪ নং দক্ষিণ করিমগঞ্জ এবং ১২৫ নং পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে যথাক্রমে রূপশ্রী গোস্বামী ও বিজিতকুমার সিনহা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের প্রার্থী রূপশ্রী গোস্বামী বলেন, এসইউসিআই (কমিউনিস্ট) সারা বছর ধরেই জনগণের জ্বলন্ত সমস্যার সমাধানের দাবিতে গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করে এবং তারই ধারাবাহিকতায় নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার মান অবনতির দিকে, চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের নাগালের বাইরে এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। পাশাপাশি ট্যাক্স বৃদ্ধির ফলে মানুষের উপর আর্থিক চাপ বেড়েছে এবং স্বাধীনতার সুফল ধনী শ্রেণীর হাতে কেন্দ্রীভূত হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই গড়ে তুলে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে জনজীবনের সমস্যার সমাধানই তাঁদের মূল লক্ষ্য। একই সঙ্গে অর্থবল ও পেশিশক্তির প্রভাবে নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভোটারদের উদ্দেশে এসইউসিআই (সি)-র প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান রূপশ্রী গোস্বামী।

অন্যদিকে, পাথারকান্দি কেন্দ্রের প্রার্থী বিজিতকুমার সিনহা বলেন, সরকার উন্নয়নের কথা বললেও জিএসটি-সহ বিভিন্ন করের বোঝা চাপিয়ে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে। তাঁর অভিযোগ, আধুনিক প্রযুক্তির যুগেও সাধারণ মানুষের জীবনে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। করিমগঞ্জ জেলায় স্বাধীনতার পর উল্লেখযোগ্য শিল্প স্থাপিত হয়নি, সরকারি চাকরির সুযোগ কমে যাচ্ছে এবং শূন্যপদ বিলুপ্ত করা হচ্ছে। ফলে যুবসমাজকে রাজ্যের বাইরে স্বল্প মজুরিতে কঠোর পরিশ্রম করতে বাধ্য হতে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গ্রামাঞ্চলের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই, জল জীবন মিশনে দুর্নীতির ফলে বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান হয়নি এবং সেচ ব্যবস্থারও ঘাটতি রয়েছে। পাশাপাশি সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজিতকুমার সিনহা জানান, সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা এবং বিধানসভায় জনগণের কণ্ঠস্বর তুলে ধরাই তাঁদের লক্ষ্য। তিনি রাজ্যের ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা দলের প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, করিমগঞ্জ জেলার মোট চারটি আসনে এসইউসিআই (সি) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২০ মার্চ উত্তর করিমগঞ্জ কেন্দ্রের প্রার্থী অরুণাংশু ভট্টাচার্য এবং রামকৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী সঞ্চিতা শুক্ল মনোনয়নপত্র দাখিল করেন। এদিন মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য তথা করিমগঞ্জ জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য প্রজ্জ্বল দেব এবং জেলা কমিটির সদস্য বিষ্ণুপদ দত্ত পুরকায়স্থসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *