মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : অসম পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য। গভীর রাতে পাথারকান্দিতে চালানো এক মেগা অপারেশনে আন্তর্জাতিক মাদক চক্রের বড় চক্রান্ত ভেস্তে দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। অভিযানে এক পাচারকারীকে গ্রেফতার করা হলেও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ট্রাক চালক। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় ২টা নাগাদ পাথারকান্দি বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। বাজারিছড়া পুলিশ ও বারোইগ্রাম আউটপোস্টের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের লক্ষ্য ছিল একটি সন্দেহভাজন ট্রাক, যার মাধ্যমে মাদক পাচারের পরিকল্পনা করা হয়েছিল।
সূত্রের খবর অনুযায়ী, শ্রীভূমি থেকে ত্রিপুরাগামী AS 26 C 9359 নম্বরের একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছিল। আগে থেকেই ওত পেতে থাকা পুলিশ নির্দিষ্ট সময় ট্রাকটিকে আটক করে তল্লাশি শুরু করে।

প্রথমে ট্রাকটি খালি মনে হলেও পরে সূক্ষ্ম তল্লাশিতে ট্রাকের ভেতরে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় প্রায় ১ লক্ষ ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১০ কোটিরও বেশি বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় মাদক চক্রের বিপজ্জনক নেটওয়ার্ক আবারও সামনে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।




