বরাক তরঙ্গ, ২০ মার্চ : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হলো কংগ্রেস ও রাইজর দল। সমঝোতা অনুযায়ী রাইজর দলকে ১১টি বিধানসভা আসন ছেড়ে দিয়েছে কংগ্রেস। বৃহস্পতির রাতে যোরহাটে গৌরব গগৈ-এর বাসভবনে অনুষ্ঠিত যৌথ সাংবাদিক বৈঠকে এই জোট ঘোষণা করা হয়।
সাংবাদিক বৈঠকে রাইজর দলের সভাপতি অখিল গগৈ জানান, বহুদিনের আলোচনার পর এই সমঝোতা সম্পন্ন হয়েছে। আগামি নির্বাচনে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি। যোরহাটবাসীর কাছে গৌরব গগৈকে জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি দলীয় কর্মীদের পূর্ণ সমর্থনের নির্দেশ দেন।
অখিল গগৈ আরও বলেন, বিরোধী জোটে এখন মোট ছয়টি দল একত্রিত হয়েছে। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতেই রাইজর দল এ বার মাত্র ১৩টি আসনে প্রার্থী দিচ্ছে। এ সিদ্ধান্তের জন্য দলীয় কর্মীদের কাছে তিনি ক্ষমাও প্রার্থনা করেন।

অন্যদিকে, গৌরব গগৈ বলেন, “প্রার্থী একজন হলেও জয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি অভিযোগ করেন, হিমন্ত বিশ্ব শৰ্মা-এর শাসন থেকে মুক্তি চায় রাজ্যের মানুষ, তাই বিরোধীদের ঐক্য অত্যন্ত জরুরি। আসন বণ্টনের ক্ষেত্রে শিবসাগর, মরিয়নি, দলগাঁও, ধিং, চিচিবরগাঁও, তেজপুর, ডিগবৈ, বোকাখাত, মানস, কলিয়াবর, মার্ঘেরিটা, গোয়ালপাড়া পূর্ব ও গৌরীপুরসহ একাধিক আসন রাইজর দলকে ছেড়ে দেওয়া হয়েছে। মার্ঘেরিটা আসনে রাইজর দলের প্রার্থী রাহুল ছেত্রী, যেখানে বিজেপির প্রার্থী ভাস্কর শর্মা। উল্লেখযোগ্যভাবে, ওই আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন প্রতীক বরদলৈ।

অন্যদিকে, মন্দিয়া আসন কংগ্রেসের জন্য রাখা হয়েছে। পূর্ব গোয়ালপাড়া ও গৌরীপুরে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। এই জোট আগামি নির্বাচনে অসমের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।



