১৯ মার্চ : সুরাটের ভারাচহা এলাকার জরি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ। আগুনে ঝলসে মৃত্যু দু’জনের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম অন্তত ৯ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ভারাচহার ভারত নগর গোশালা এলাকার ওই জরি কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সেখানে মজুত থাকা একাধিক গ্যাসের সিলিন্ডারে পরের পর বিস্ফোরণ হতে থাকে। প্রবল আতঙ্ক ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, যে বাড়িতে ওই কারখানা তার ছাদেই কর্মরত শ্রমিকরা থাকতেন। ফলে কারখানায় আগুন লাগায় সেখানেই আটকে পড়েন তাঁরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন । ছাদের টিনের শেড কেটে শ্রমিকদের বাইরে বের করা হয়। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে বলে দমকল সূত্রে খবর। তাঁদের মধ্যে দু’জন ঝলসে মারা গিয়েছেন। ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
পুলিশ জানিয়েছে, ওই কারখানায় ৮টি গ্যাস সিলিন্ডার মজুত ছিল। কী কারণে অত সিলিন্ডার কারখানায় মজুত ছিল, তার তদন্ত শুরু হয়েছে।




