মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : কাটিগড়া মহকুমার দিগরখাল এলাকায় ফের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল গুমড়া পুলিশ। ইয়াবা ট্যাবলেটসহ এক সরবরাহকারীকে আটক করা হয়েছে। বুধবার পশ্চিম কাটিগড়ার দিগরখাল পুরনো এমভি গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ধরা পড়ে শাহান উদ্দিন বড়ভূইয়া নামে এক ব্যক্তি। জালালপুর তেরাপুর এলাকার বাসিন্দা শাহান।
পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে মেঘালয়ে পাচারের চেষ্টা করছিল। তবে গোপন খবরের ভিত্তিতে গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরে আদালতে প্রেরণ করা হয়েছে।




