বরাক তরঙ্গ, ১৮ মার্চ : মণিপুরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য অর্জন করল নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে চালানো অভিযানে মোট ৮ জন সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেংনৌপাল ও ইম্ফল পূর্ব জেলা থেকে এই জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক তল্লাশি অভিযানের ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তেংনৌপাল জেলার মোরে থানা এলাকার ৭৩ থেকে ৭৫ নম্বর সীমান্ত স্তম্ভের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে আটক করা হয়। ধৃতরা বিভিন্ন উপত্যকাভিত্তিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন থাংজাম অশোক কুমার সিংহ, লৈশ্রম নিপামাচা সিংহ, থাংজাম মানিমাতুম মেইতেই, লৈশ্রম ইনাও সিংহ এবং চিংগাংবাম শক্তি সিংহ। অন্যদিকে, ইম্ফল পূর্ব জেলা থেকে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
এদিকে, সেনাপতি জেলার কাভিনাম গ্রামে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনাতেও সাফল্য পেয়েছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত রামায়ো ভাশুমকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি গাড়ি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য একটি অভিযানে ইম্ফল পূর্ব জেলা থেকে সাগোলশেম বোইচা সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের গতিবিধি নিয়ন্ত্রণে ১১৬টি নাকা ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী পণ্যবাহী যানবাহনগুলিকে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। ভুয়ো ভিডিও বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।




