সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বদরপুর প্রেস ক্লাবে ইফতার মহফিল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতার পরিবেশে বদরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ইফতার মহফিল। সোমবার সন্ধ্যায় রেল শহর বদরপুরের এসটি রোডে অবস্থিত প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত হলেও ছিমছাম ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা একত্রিত হয়ে ইফতার সম্পন্ন করেন।রমজান মাসের পবিত্রতা, সংযম ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই ইফতার মহফিলে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি কয়েকজন আমন্ত্রিত অতিথিও উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক সুন্দর মিলনমেলা।

অনুষ্ঠানের শুরুতেই বদরপুর প্রেস ক্লাবের সচিব সেলিম আহমদ এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম এবং মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষা ও চেতনা ধারণ করেই প্রতিবছর বদরপুর প্রেস ক্লাব ইফতার মহফিলের আয়োজন করে থাকে। এর মাধ্যমে শুধু ধর্মীয় আচার পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যও থাকে। এরপর প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য বক্তব্যে বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বদরপুর প্রেস ক্লাব রমজান মাসে নিয়মিতভাবে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। দীর্ঘ এই পথচলায় প্রেস ক্লাব সবসময়ই সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করে গেছে।তিনি আরও জানান, শুধু রমজান মাসেই নয়, অন্যান্য ধর্মীয় ও সামাজিক উৎসবেও বদরপুর প্রেস ক্লাব সক্রিয় ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে শারদীয় দুর্গোৎসবের সময় দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে বদরপুর প্রেস ক্লাব। সভাপতি বক্তব্যের শেষে উপস্থিত সকলকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহ-সভাপতি সাইদুল ইসলাম বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজন হয়তো খুব বড় পরিসরে করা সম্ভব হয়নি। তবুও বদরপুর প্রেস ক্লাব তাদের দীর্ঘদিনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এবারও ইফতার মহফিলের আয়োজন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক কর্মসূচি আয়োজন করা যাবে। সাংবাদিক এরশাদ উদ্দিন তাপাদার তার সংক্ষিপ্ত বক্তব্যে রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাসের উপবাস ও সিয়াম সাধনা আমাদের ধৈর্য, সংযম ও সহনশীলতার শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সামনে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে। নির্বাচনকালীন সময়ে অনেক ধরনের উত্তেজনা ও মতভেদ দেখা দিতে পারে। তবে রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান তিনি।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদরপুর মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের সহ-সচিব ইমদাদুর রহমান তাপাদার, ফিরোজ আহমেদ প্রমুখ।

ইফতার মহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক তাজ উদ্দিন, বাবলু পাল, যীশু বাল্মীকিসহ প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।ইফতারের পূর্ব মুহূর্তে বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের সামগ্রিক উন্নতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক এরশাদ উদ্দিন তাপাদার। মোনাজাতে দেশ-সমাজের শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়।

পরবর্তীতে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং ইফতার শেষে মাগরিবের নামাজ আদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সব মিলিয়ে, পবিত্র রমজান মাসের আবহে আয়োজিত এই ইফতার মহফিল বদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্প্রীতি, সৌহার্দ্য এবং মানবিকতার এক উজ্জ্বল বার্তা সমাজের কাছে তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *