মণিয়ারখালের স্মিথনগরে উদ্ধার ৮ ফুট লম্বা অজগর, বনবিভাগের হেফাজতে

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ জুলাই :
কাছাড় জেলার মণিয়ারখালের স্মিথনগর এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি ইন্ডিয়ান রক পাইথন (অজগর) উদ্ধার করেছে বনবিভাগ। বর্তমানে সাপটি বনবিভাগের হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে প্রাকৃতিক আবাসস্থল রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্মিথনগরের বাসিন্দা রবেন উরিয়া নিজের পুকুরে একটি হাঁসকে অস্বাভাবিকভাবে ছটফট করতে দেখে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, একটি বিশাল অজগর হাঁসটিকে শিকার করার চেষ্টা করছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সাহসিকতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণে এনে বেধে রাখেন এবং সঙ্গে সঙ্গে বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে মণিয়ারখাল বিট ফরেস্ট অফিসের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সাপটিকে বিট ফরেস্ট অফিসে নিয়ে যাওয়া হয়।

মনিয়ারখাল বিট ফরেস্ট অফিসার জানান, উদ্ধার হওয়া অজগরটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সাপটিকে তার স্বাভাবিক আবাসস্থল রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে।

এদিকে, বনবিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে, কোথাও বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটির কোনও ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দিতে। এতে মানুষ ও বন্যপ্রাণী—উভয়ের নিরাপত্তাই নিশ্চিত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *