বরাক তরঙ্গ, ১৫ জুলাই : লরি থেকে চুরি হওয়া কোকাকোলা কোম্পানির কোল্ড ড্রিংকস উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বড়জুরাই প্রথম খণ্ড এবং নুনখুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৫০০ কার্টন কোল্ড ড্রিংকস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইসলাম উদ্দিন লস্কর (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ইসলাম উদ্দিন লস্করের বাড়ি নুনখুলির চাকচাঁদপুর এলাকায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, গুয়াহাটি থেকে মণিপুরের ইম্ফলের উদ্দেশে রওনা হওয়া একটি লরি থেকে কোকাকোলা কোম্পানির বিপুল পরিমাণ কোল্ড ড্রিংকস রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ঘটনার তদন্তে নেমে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রথমে ১,০১০ কার্টন কোল্ড ড্রিংকস উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এর আগে বোয়ালিপার এলাকার মুক্তাজুর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়। তবে লরির চালক এখনও পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদ গুয়াহাটি থেকে প্রায় ১৫ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ টাকা মূল্যের কোকাকোলা কোম্পানির কোল্ড ড্রিংকস কিনে এএস-০১-কে-৯৩১৭ নম্বরের একটি লরিতে ইম্ফলে পাঠিয়েছিলেন। নির্ধারিত সময়ে লরিটি গন্তব্যে না পৌঁছানোয় সন্দেহের সৃষ্টি হয়। পরে গত বুধবার সকালে বাঁশকান্দি পুলিশ উজান তারাপুর এলাকায় লরিটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরদিন ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদ বাঁশকান্দি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতিতে একের পর এক অভিযানে চুরি হওয়া পণ্য উদ্ধার হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



