হাসপাতালের আইসিইউ-তে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ৩

Spread the news

৪ জুন : দিল্লির মালব্য নগরের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বিহারের মুজাফফরপুরে এক বেসরকারি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গভীর রাতে ঘটা এই ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি রোগীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ মুজাফফরপুরের এই হাসপাতালে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাসপাতালের অক্সিজেন ইউনিট বা মনিটর সিস্টেম থেকে শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। মুহূর্তের মধ্যে ঘন বিষাক্ত ধোঁয়ায় পুরো আইসিইউ এবং সংলগ্ন এলাকা ঢেকে যায় (ICU)। সেই সময় কর্তব্যরত হাসপাতালের কর্মীদের অধিকাংশকেই ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন দমকল বাহিনীর আধিকারিক আরএন পাণ্ডে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এক ডজনেরও বেশি দমকলের ইঞ্জিন। দমকল কর্মীরা জানালার কাঁচ ও দরজা ভেঙে বহু কষ্টে রোগীদের উদ্ধার করেন। হাসপাতালের আইসিইউ ইন-চার্জ নিজেও গুরুতর জখম হয়েছেন এবং তাঁকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক সুব্রত কুমার সেন জানান, বর্তমানে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া রোগীদের পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তবে ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্বজনহারা পরিবারগুলি। অনেকের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের কর্মীরা রোগীদের ফেলে পালিয়ে যান। অনেক রোগীর পরিবারের দাবি, তাঁরা এখনও তাঁদের আত্মীয়দের খোঁজ পাচ্ছেন না। এছাড়া, মৃতদেহ হস্তান্তরেও টালবাহানার অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এছাড়া, বর্তমানে নিখোঁজ থাকা রোগীদের তালিকা যাচাইয়ের কাজও চলছে জোরকদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *