এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ভর্তি ফি মুকুব প্রকল্পে আরোপিত নতুন বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে শুক্রবার কাটিগড়া সার্কল অফিসারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশে পৃথক দুটি স্মারকপত্র প্রদান করেছে বদরপুরের নবীনচন্দ্র কলেজ ছাত্র সংসদ এবং এনএসইউআই কাছাড় জেলা কমিটি।
ছাত্র সংগঠনগুলির অভিযোগ, নতুন নিয়মের কারণে যেসব শিক্ষার্থীর ফলাফলে বকেয়া রয়েছে বা বিভিন্ন কারণে পড়াশোনায় সাময়িক বিরতি ঘটেছে, তাদের অনেকেই ভর্তি ফি মুকুবের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। আর্থিক সংকটের কারণে বহু শিক্ষার্থীর পক্ষে ভর্তি ফি বহন করাও কঠিন হয়ে পড়েছে। তাই আগের মতো সব যোগ্য ও দরিদ্র শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতায় আনার দাবি জানানো হয়।
ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলেন, অর্থাভাব বা শিক্ষাজীবনের সাময়িক বিরতি কোনও শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হওয়া উচিত নয়। মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে সরকার যেন দ্রুত ভর্তি ফি মুকুবের সুবিধা পুনর্বহাল করে, সেই আবেদনই স্মারকপত্রে তুলে ধরা হয়েছে।
সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার স্মারকপত্র গ্রহণ করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য জেলা আয়ুক্তের কাছে পাঠানো হবে।



