পাকিস্তানে চেকপোস্টে ভয়াবহ আত্মঘাতী হামলা, ১২ সেনাসহ নিহত ১৫

Spread the news

২৪ জুলাই : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীর যৌথ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির ১২ জন সেনাসদস্য, দুই পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের একজন সাবেক কর্মকর্তা রয়েছেন।

শুক্রবার দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তাঙ্ক (Tank) জেলায় এ হামলার ঘটনা ঘটে। সশস্ত্র হামলাকারীরা প্রথমে নিরাপত্তা চৌকিতে অনুপ্রবেশের চেষ্টা চালায়। তবে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা তাদের প্রতিহত করলে হামলাকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে নিরাপত্তা চৌকির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো চৌকিটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণ ও পরবর্তী গোলাগুলিতে ১২ জন হামলাকারী ও জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং দাবি করেছে।

ইসলামাবাদভিত্তিক সামরিক সূত্র এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ী করেছে। গত কয়েক বছর ধরে পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার নেপথ্যে টিটিপি ও তাদের মিত্র গোষ্ঠীগুলোকে অভিযুক্ত করে আসছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক বা আশপাশে লুকিয়ে থাকা অন্য হামলাকারীদের খুঁজে বের করতে সেনাবাহিনী চিরুনি অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *