রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : শিলচর চেংকুড়ি রোডের নেতাজিপল্লী লেনে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়। বৃহস্পতিবার রাত প্রায় ১টার নাগাদ গলির ভেতরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক যুবক। সঙ্গীন অবস্থায় যুবককে পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসা চলাকালীন মৃত্যু কোলে ঢলে পড়ে রোহিত দাস নামে আহত যুবকটি।
শুক্রবার ঘটনাস্থলে পুলিশ ফের পৌঁছে তদন্ত করে। ছিল ফরেনসিক টিমও ছিল বলে জানা যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার জেরে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ দিকে, স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত একটায় সময় চিৎকার শুনে কয়েকজন লোক রাস্তায় এসে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। এ ঘটনাটি দেখে তাঁরা সদর থানা ও ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রক্তাক্ত অবস্থায় যুবককে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়রা এও জানান, সিসিটিভি ফটেজে দেখা যায় কিছু যুবক হাতে ইট নিয়ে ওই যুবককে আটকে রেখে তার সঙ্গে কথা বার্তা বলছে তারপর এই যুবকটিকে টেনে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, রোহিতদের আদি বাড়ি শ্রীভূমি জেলার শনবিল এলাকায়। তবে বেশ কিছুদিন ধরে তারা শিলচরের তপোবন নগর এলাকার কীর্তনের মাঠ সংলগ্ন একটি ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। ঘটনার পর শুক্রবার সকালে রোহিতের পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



