বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : হাইলাকান্দি জেলা আয়ুক্তের পিএ বিলাল আহমেদ লস্করের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ প্রশাসনিক মহল ও পরিচিতজনেরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে অ্যাপেন্ডিক্সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চলতি মাসের ১ এপ্রিল শিলচরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হলেও অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ায় শারীরিক অবস্থা জটিল হয়ে পড়ে। এরপর তাঁকে আইসিইউতে রাখা হয়। টানা ১৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে হারাঙ্গাজাও এলাকায় তাঁর মৃত্যু হয়।
বিলাল আহমেদ লস্করের পৈতৃক বাড়ি কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার বুড়িবাইল গ্রামে। শিলচরের শ্রীকোণা আইটিআই থেকে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা অর্জনের পর ১৯৯৬ সালে হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ে পিএ হিসেবে যোগ দেন তিনি। কর্মজীবনে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি অসম সরকারের “লোকসেবা সম্মান”-এ ভূষিত হন এবং তাঁর চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।
সদা হাস্যোজ্জ্বল, মৃদুভাষী ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত বিলাল আহমেদ লস্করের এই অকাল প্রয়াণে জেলা আয়ুক্ত কার্যালয়ের সর্বস্তরের আধিকারিক ও কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জেলা আয়ুক্ত অভিষেক জৈন সহ প্রশাসনের একাধিক আধিকারিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দুইটায় তাঁর পৈতৃক বাড়ি বুড়িবাইল গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।



