বরাক তরঙ্গ, ১ জুলাই : ডক্টরস ডে উপলক্ষে সমাজের চিকিৎসকদের অবদানের স্বীকৃতি জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ’। এদিন কাছাড় জেলার চারজন বিশিষ্ট চিকিৎসককে সংবর্ধনা জানিয়ে তাঁদের চিকিৎসা পরিষেবার প্রতি সম্মান জ্ঞাপন করা হয়।
ক্লাবের প্রকল্পের চেয়ারপার্সন সিবু চন্দ্র দাস ও তাঁর দল বড়খলা এলাকায় গিয়ে বরখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (পিএইচসি)-এর ইনচার্জ ডাঃ বীরেশ্বর দে এবং ডাঃ গৌতম বণিককে সংবর্ধনা জানান।

অন্যদিকে, শিলচরে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ-এর সভাপতি সঞ্জীব রায়, পিঙ্কি সিং দাস এবং ক্লাবের অন্যান্য সদস্যরা বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ আফসর আলম ও ডাঃ তিলক উপাধ্যায়কে সংবর্ধিত করেন।
সংবর্ধিত চিকিৎসকরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ-এর এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ডক্টরস ডে-কে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।



