বরাক তরঙ্গ, ২ জুন : সাপ্তাহিক পত্রিকা ও ডিজিটাল মিডিয়া ‘যুব দর্পণ’-এর ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় গুয়াহাটির লায়ন্স আই হসপিটাল অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘যুব দর্পণ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’ প্রদান করে সম্মানিত করা হয়।
নেতাজি ছাত্র যুব সংস্থা এবং রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি সেন্ট্রালের বিধায়ক বিজয়কুমার গুপ্ত। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরডিএফআই-এর অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার ও রোটারি ক্লাব অব গুয়াহাটির সভাপতি ইঞ্জিনিয়ার মনোজ কুমার দাস, ডেপুটি কমিশনার অব পুলিশ (অপারেশন) এপিএস কুলেন্দ্র নাথ ডেকা, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০-এর ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড অ্যান্ড রিকগনিশন চেয়ারপার্সন রুদ্রজিৎকুমার লস্কর, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম (জাফা)-র সভাপতি অভিদীপ চৌধুরী, দিসপুর প্রেস ক্লাবের সম্পাদক কুঞ্জমোহন রায় এবং যুব দর্পণের মুখ্য সম্পাদক সুবীর দত্ত।
অনুষ্ঠানে অসম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডসহ উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে সাংবাদিক, সমাজকর্মী, সংস্কৃতিপ্রেমীসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।



