বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের রাজভাষা সেলের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত হল একদিনের প্রশিক্ষণ কর্মশালা। বিষয় ছিল ‘সরকারি কাজে হিন্দির ব্যবহার ও তিন মাসের অগ্রগতির প্রতিবেদন তৈরি করা”। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রেমেন্দ্র মোহন গোস্বামী সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি’র কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুনীল কুমার গুপ্তা।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেনের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি কর্মশালা আয়োজনের উদ্দেশ্যের ওপর আলোকপাত করেন হিন্দি আধিকারিক ড. সুরেন্দ্র কুমার উপাধ্যায়। প্রধান অতিথি ড. গুপ্তা হিন্দি ভাষাকে সেতুবন্ধনের ভাষা হিসেবে উল্লেখ করেন। সরকারি কাজে হিন্দি ভাষার প্রয়োগ নিয়েও আলোচনা করেন তিনি।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সেন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনের ফলেই আজ হিন্দি ভাষা সকল ভাষাভাষী মানুষের মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যম হিসেবে কাজ করছে। প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন অধ্যাপক মনোজ কুমার সিনহা। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন হিন্দি অনুবাদ আধিকারিক পৃথ্বীরাজ গোয়ালা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দি অনুবাদক মিলিরানি পাল।
এদিন দু’টি কারিগরি অধিবেশনও আয়োজিত হয়। প্রথম অধিবেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ড. সুনীলকুমার গুপ্তা ও দ্বিতীয় অধিবেশনে সরকারি কাজে হিন্দি ভাষার প্রয়োগ নিয়ে আলোচনা করেন হিন্দি আধিকারিক ড. সুরেন্দ্রকুমার উপাধ্যায়। এদিনের এই কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মী-আধিকারিকরা উপস্থিত ছিলেন।



