বিদ্যুতের খুঁটি থেকে পড়ে কর্মীর মৃত্যু বদরপুরে

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট :
বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল বদরপুরের এক অস্থায়ী বিদ্যুৎকর্মীর। মৃতের নাম অজয়কুমার পণ্ডিত ওরফে শচীন (৩৪)। তিনি বদরপুরের হিল কলোনির বাসিন্দা এবং এপিডিসিএলের বদরপুর উপ-সংমণ্ডলে অস্থায়ী লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রবিবার বিকেল সোয়া ৩টা নাগাদ বদরপুরঘাট এলাকায় বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ করছিলেন শচীন। কাজের সময় আচমকা তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। খুঁটি থেকে পড়ার সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

পরে অজয়কুমার পণ্ডিতের মরদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। সোমবার ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
শচীনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এপিডিসিএলের বদরপুর উপ-সংমণ্ডলের কার্যালয়সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, এক মেয়ে ও এক ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তাঁর অকালমৃত্যুতে বিদ্যুৎ বিভাগের বদরপুর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থায়ী ও অস্থায়ী কর্মী, পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য এবং স্থানীয় বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা।

এদিকে, স্থানীয় সচেতন নাগরিকদের একাংশ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে দুর্ঘটনায় নিহত অস্থায়ী বিদ্যুৎকর্মী অজয়কুমার পণ্ডিতের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *