বিজেপিকে ‘অহংকারী দল’ বললেন উধারবন্দের নির্দল প্রার্থী মিঠুন

Spread the news

দীপ দেব ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী মিঠুন নাথ মনোনয়নপত্র দাখিলের পর বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেন। কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিজেপিকে ‘অহংকারী দল’ বলে আখ্যা দেন।

মিঠুন নাথ বলেন, “বিজেপি এখন একটি অহংকারী দলে পরিণত হয়েছে। দলের পুরনো নীতি-আদর্শ আর বজায় নেই। বর্তমান নেতৃত্ব পুরনো কর্মীদের সম্মান দিচ্ছে না।” তিনি অভিযোগ করেন, উধারবন্দের প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ভোটারের মধ্যে থেকেও কোনও স্থানীয় ব্যক্তিকে প্রার্থী করা হয়নি।

তিনি আরও জানান, বিজেপির প্রাক্তন শীর্ষ নেতা অটল বিহারি বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। মিঠুন নাথের কথায়, “জনগণের আবেগ ও অনুভূতি নিয়েই আমি মাঠে নেমেছি। বিজেপি এখন কংগ্রেসের মতো আচরণ করছে এবং পুরনো কর্মীদের উপেক্ষা করছে। এর বিরুদ্ধেই আমি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনের প্রাক্কালে তাঁর এই অবস্থান ভোটারদের উপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *