মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১১ মার্চ : বরাক উপত্যকায় ছেলেধরা আতঙ্কে ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিভিন্ন এলাকায় সন্দেহের বশে একের পর এক ব্যক্তিকে আটক করার ঘটনায় বারবার উত্তেজনা ছড়াচ্ছে জনতার মধ্যে। এবার কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার জারইলতলায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার এই ঘটনাকে ঘিরে জারইলতলা বাজার এলাকায় টানটান উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ দুই অচেনা ব্যক্তির চলাফেরা দেখে এলাকার মানুষের মধ্যে সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে বাজার এলাকায় শতাধিক লোক জড়ো হন এবং ওই দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের বিভিন্ন প্রশ্ন করা হলে সন্দেহ আরও ঘনীভূত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বড়খলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃতদের মধ্যে একজনের নাম দীলিপ সাহু বলে জানা গেছে, তবে অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে দুই ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।




