বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত টিটিএএডিসি নির্বাচন। ভোটগ্রহণকে সামনে রেখে খোয়াই জেলার ৯-হালাহালি-আশারামবাড়ী এবং ১২-রামচন্দ্রঘাট—এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ভোটকর্মীদের বুথমুখী যাত্রা এবং নিরাপত্তা বাহিনীর টহলদারি।
নির্বাচনের প্রাক্কালে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ ও টিএসআর (TSR) বাহিনীর যৌথ দল লাঠাবাড়ি, খাংরাই, রাধাচরণ নগর এবং ককবরক বাজার এলাকায় বিস্তৃত তল্লাশি ও টহল অভিযান চালায়।বিশেষত খোয়াই ও চাম্পাহাওড় থানার সীমান্তবর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশ বা কোনওরকম বিশৃঙ্খলা রুখতে ‘জয়েন্ট ভেহিকুলার মোবাইল’ টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। প্রশাসনের দাবি, বর্তমানে সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই বিধানসভা এলাকার মোট ৮৮টি ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত নিরাপত্তা বাহিনীকে ইতিমধ্যেই বিশেষ ব্রিফিং দেওয়া হয়েছে। ভোটের দিন বুথের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা বজায় রাখতে উচ্চপদস্থ কর্তাদের তরফে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। শনিবার দুপুর থেকেই জওয়ানরা নিজেদের নির্ধারিত বুথের উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছেন।
খোয়াই জেলার নবনিযুক্ত পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডির তত্ত্বাবধানে জেলা জুড়ে কড়া নজরদারি চলছে। প্রতিটি বুথে পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হচ্ছে, যাতে ভোটাররা নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। রাজনৈতিক উত্তাপ থাকলেও প্রশাসনের এই কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। আগামীকাল সকাল থেকেই শুরু হবে ভোটগ্রহণ, আর তার অপেক্ষায় এখন গোটা খোয়াই জেলা।



