চুক্তি না হলে ইরানকে ভিন্ন পথের হুমকি ট্রাম্পের

Spread the news

৭ জুন : ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে ওয়াশিংটনকে অন্য বিকল্পও বিবেচনা করতে হতে পারে, যা সুখকর হবে না।

শুক্রবার উইসকনসিন অঙ্গরাজ্যের চিপেওয়া ফলসে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতারা নিজেদের অবস্থানে দৃঢ় এবং গর্বিত। সে কারণে সমঝোতায় পৌঁছাতে সময় লাগছে। তবে শেষ পর্যন্ত তেহরানের সামনে আলোচনার পথেই আসা ছাড়া অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প থাকবে না বলে তিনি মনে করেন।

ট্রাম্পের ভাষায়, “তারা শক্তিশালী, তারা গর্বিত। এমন কিছু বিষয় রয়েছে, যা তারা কখনো করবে বলে ভাবেনি, কিন্তু শেষ পর্যন্ত করতে হবে। তাদের আর কোনো উপায় নেই, শুধু সময় লাগছে।”

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চতুর্থ মাসে প্রবেশ করেছে। এপ্রিল মাসে দুই পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কয়েক দফা বাড়ানোর পর সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর আশপাশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কয়েকটি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আবারও জটিল করে তুলেছে।

এর আগে বিভিন্ন সাক্ষাৎকার ও বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, আলোচনায় অগ্রগতি হলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা নীতিতেও পরিবর্তন আসতে পারে। যদিও মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বারবার বলে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গ্রহণযোগ্য সমাধান ছাড়া নিষেধাজ্ঞা শিথিলের প্রশ্ন উঠবে না।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *