রাজদীপের প্রচারে শিলচরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের নির্বাচনী প্রচারে জোরদার গতি আনতে শিলচরে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আশ্রম রোডের তপবননগর কীর্তনী মাঠে জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত ‘বিজয় সংকল্প সমাবেশে’ যোগ দিয়ে তিনি ডাঃ রায়ের সমর্থনে প্রচার চালান। সভায় কয়েক হাজার মহিলা ও পুরুষের উপস্থিতিতে জনসমাগমে ভরে ওঠে প্রাঙ্গণ। পাশাপাশি মঞ্চে সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক সাহা দাবি করেন, এ বার প্রতিটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি বড় ব্যবধানে জয়লাভ করবে। তাঁর কথায়, বিজেপি সরকার মানুষের কল্যাণে একাধিক উন্নয়নমূলক কাজ করেছে। বরাক উপত্যকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এবং মহিলাদের স্বনির্ভর করতে ‘অরুণোদয়’ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, রাহুল গান্ধী কংগ্রেসে থাকলে বিজেপির জয়ের পথ আরও সহজ হবে। পাশাপাশি তাঁর দাবি, পশ্চিমবঙ্গেও এ বার বিজেপি সরকার গঠন করবে এবং তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দল কার্যত অদৃশ্য হয়ে যাবে।

তিনি আরও জানান, ডাঃ রাজদীপ রায় শিলচর থেকে জয়ী হলে এলাকায় নতুন করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হবে। এছাড়া, আগামী ৩ তারিখ অসমের মুখ্যমন্ত্রী শিলচরে নির্বাচনী প্রচারে অংশ নেবেন এবং ৭ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডাঃ রায়ের সমর্থনে রোড শো করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *