বিধবাকে হত্যা করে বাড়ির ভিতরে দু’দিন লুকিয়ে রাখল তিন ভাই, আটক

Spread the news

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : বিধবাকে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মরিগাঁও জেলার বাঘউঠায়। ছয় সন্তানের জননী মিনু বড়ো (৪৮)-কে হত্যার অভিযোগ উঠেছে বুলবুল বড়োর বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত বুলবুল বড়ো-সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই মহিলার সঙ্গে বুলবুল বড়ো নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, রবিবার স্থানীয় কয়েকজন বাসিন্দা মিনু বড়োকে বুলবুল বড়োর হাতে তুলে দিয়েছিলেন।

অভিযোগ, সোমবার বুলবুল বড়ো তাঁর দুই ভাইয়ের সঙ্গে মিলে মিনু বড়োর উপর শারীরিক নির্যাতন চালান। এর পর ওই রাতেই মহিলার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর পরও তাঁর দেহ বাড়ির ভিতরে দু’দিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার দু’দিন পর ভূরাগাঁও পুলিশের তৎপরতায় বিষয়টি প্রকাশ্যে আসে। ভূরাগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশাল বনিকের নেতৃত্বে পুলিশের একটি দল বাড়ির ভিতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত বুলবুল বড়ো-সহ তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে স্থানীয় ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করেন।

ছয় সন্তানের জননী ওই মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *