বেঙ্গালুরুতে বাইকের ধাক্কায় বাজারিছড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : পরিবারের মুখে দু’বেলা অন্ন তুলে দেওয়ার তাগিদে নিজের গ্রাম ছেড়ে সুদূর কর্ণাটকের বেঙ্গালুরুতে পাড়ি জমিয়েছিলেন বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া জিপির কড়িখাই গ্রামের যুবক নারায়ণ গোঁড় ওরফে সনু (৩৫)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে কড়িখাই গ্রামসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় স্ত্রী ও সন্তানদের নিয়ে বেশ কিছুদিন ধরে বেঙ্গালুরুর মাঞ্চলকপি এলাকায় বসবাস করছিলেন নারায়ণ। সেখানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবারও কাজ শেষে সন্ধ্যার দিকে নিজের ঘরে ফিরে আসেন। পরে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য ফের বাইরে বের হন।

প্রায় সন্ধ্যা সাতটা নাগাদ মাঞ্চলকপি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাইক তাঁকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান নারায়ণ। খবর পেয়ে তাঁর কর্মস্থলের মালিকসহ সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। ময়নাতদন্তের পর বেঙ্গালুরুতেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

নারায়ণের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার। তিনি মা, স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সিও, জেলা প্রশাসন এবং কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। নারায়ণের পরিবারের জন্য দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *