বরাকের উন্নয়নে নতুন দিগন্তের ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক বিধায়কদের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ জুলাই :
বরাক উপত্যকার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বরাকের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়ের নেতৃত্বাধীন মন্ত্রী-বিধায়কদের প্রতিনিধি দল। বৈঠকে সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, শিল্প, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে বরাকের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. রাজদীপ রায়, বিজয় মালাকার, কিশোর নাথ, মিলন দাস, অমিয় কান্তি দাস এবং রাজদীপ গোয়ালা। আলোচনায় জাতীয় সড়কের উন্নয়ন, শহর ও গ্রামীণ সড়ক সংস্কার, স্বাস্থ্য ও শিক্ষার পরিকাঠামো সম্প্রসারণ, শিল্প বিনিয়োগ এবং যুবকদের কর্মসংস্থানের বিষয় বিশেষ গুরুত্ব পায়।

প্রতিনিধি দল এনএইচ-৩০৬-এর সোনাবাড়িঘাট-শিলচর বাইপাস থেকে এনএইচ-০৮-এর মুন্ডামালা-পাথারকান্দি বাইপাস পর্যন্ত নতুন জাতীয় সড়ক নির্মাণের দাবিও জানায়। তাঁদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে বরাকের তিন জেলার পাশাপাশি মিজোরাম ও ত্রিপুরার সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য, কৃষি ও পর্যটনের প্রসার ঘটবে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, বরাক উপত্যকার উন্নয়ন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। জনপরিষেবা সম্প্রসারণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় মুখ্যমন্ত্রীর ইতিবাচক মনোভাবের প্রশংসা করে জানান, বরাকবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক বরাক উপত্যকার উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *