পাথারকান্দি ও পাঁচগ্রামে সম্প্রীতি সম্মেলনের সিদ্ধান্ত, সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় বৈঠক

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুন :
বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠক শনিবার শিলচরের জেল রোডস্থিত প্রেসবিটেরিয়ান মিশন কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ড. হারাণ দের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, পাঁচগ্রামে বরাকভিত্তিক একটি সম্মেলন এবং পাথারকান্দির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রীতি উৎসবের আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদান এবং বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে গঠিত কমিটির কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন হাইকোর্ট বেঞ্চের দাবিতে স্বাক্ষর অভিযানে অংশ নিয়ে নির্ধারিত স্মারকপত্রে স্বাক্ষর করেন সভার পদাধিকারীরাও।

এছাড়া সদস্যভুক্তি অভিযানসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে অনুমোদন দেওয়া হয়। বৈঠকের শুরুতে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত চৌধুরী, কার্যকরী সভাপতি এইচ এম আমির হোসেন, উপ-সভাপতি সাধন পুরকায়স্থ, গোলাম মুমিত চৌধুরী ও রেভারেন্ড চিন্ময় পুরকায়স্থ, উপদেষ্টা কল্যাণ কুমার চক্রবর্তী, মওলানা আব্দুল জলিল বড়ভূইয়াসহ অন্যান্য পদাধিকারীদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান সভাপতি হারাণ দে। বৈঠকে উপস্থিত ছিলেন বিপ্লব পাল চৌধুরী, অ্যাডভোকেট সামসুল ইসলাম, মিনাক্ষী শর্মা, সাহিদা ইয়াসমিন বড়ভূইয়া, এস এ তালহা সাবেরি, আব্দুল মজিদ বড়ভূইয়া, শাহরিন মেহফুজা বড়ভূইয়া, বাবুর উদ্দিন লস্কর, অধ্যাপক হুমায়ুন আজাদ, সাংবাদিক সঞ্জীবকুমার সিংহ, সুগত ভট্টাচার্য, দিলু দাসসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *