রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০, মালিককে প্রধান আসামি করে মামলা

Spread the news

১৮ অক্টোবর : বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আগুনে প্রাণহানির ঘটনায় তদন্তের পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও সামনে এসেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না এবং গত জুনে পরিদর্শনের পর এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়েছিল।

রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এজাহারে রিসোর্টের মালিক তানভীর সুলতান মিয়া, তার ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনসহ চারজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার দিন শনিবার সন্ধ্যায় ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ওসি।

উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার ইনানী সমুদ্রসৈকতসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে পুড়ে যাওয়া স্থাপনার ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

উদ্ধার করা মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ওসি আতিকুর রহমান জানান, পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *