বরাক তরঙ্গ, ৪ মার্চ : বিজেপির আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে অসম বিধানসভা নির্বাচনে একধাপ এগিয়ে গেল কংগ্রেস দল। তবে কংগ্রেসের এই প্রথম তালিকাকে ‘কংগ্রেসের পারিবারিক দলিল’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি বিরোধী জোটের শরিক দলগুলির মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পূর্ণ হওয়ার আগেই কংগ্রেসের একতরফা প্রার্থী ঘোষণা প্রহসন বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেসের চাপে ও ব্ল্যাকমেইলের পরিবেশে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হবেন অখিল গগৈ ও লুৰীণজ্যোতি গগৈ।
মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস প্রকাশিত ৪২ জনের প্রার্থী তালিকা নিয়ে রাতেই বিজেপি কার্যালয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসে পরিবারবাদ বজায় রেখেই প্রার্থিত্ব দেওয়া হয়েছে।
তাঁর কথায়, “কংগ্রেসের এই তালিকা ডাইনেস্টিক পলিটিক্সেরই প্রতিফলন। প্রদ্যুৎ বরদলৈয়ের পুত্র, ডাঃ ভূমিধর বরমানের পুত্র, প্রয়াত হিতেশ্বর শইকীয়ার সন্তান, প্রয়াত সদস্য গগৈয়ের পুত্রবধূ, ধুবরির সাংসদের পুত্র— এভাবে এই তালিকা বিভিন্ন নেতার আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে তৈরি এক বংশানুক্রমিক প্রার্থী তালিকা।”
উল্লেখ্য, কংগ্রেসের প্রথম তালিকায় ঘোষিত ৪২ জন প্রার্থীর মধ্যে অন্তত ৭ জনের সঙ্গে পরিবারকেন্দ্রিক রাজনৈতিক যোগসূত্র রয়েছে। তালিকায় প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ, প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার পুত্র দেবব্রত শইকিয়া, প্রয়াত মুখ্যমন্ত্রী ভূমিধর বর্মনের পুত্র দিগন্ত বর্মন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ারের পুত্র প্রাঞ্জল ঘাটোয়ার, সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের পুত্র প্রতীক বরদলৈ, সাংসদ রকিবুল হোসেনের পুত্র তাঞ্জিল হোসেন এবং প্রয়াত মেম্বর গগৈয়ের পুত্রবধূ পল্লবী শইকিয়া গগৈয়ের নাম ঘোষণা করা হয়েছে।
কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আপনারা যদি রাজ্যসভার তালিকা দেখেন, দেখবেন আমরা কাদের প্রার্থী করেছি। তেরস গোয়ালা এবং যোগেন মোহনকে আমরা প্রার্থী করেছি। তাঁদের মা-বাবাকে, তা কেউ জানেন না। সম্মানীয় মা-বাবা কিন্তু তাঁরা কখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। বিজেপির লক্ষ্য সাধারণ পরিবারের ছেলে-মেয়েদের এগিয়ে নিয়ে আসা। তাই কংগ্রেস ও বিজেপির প্রার্থী তালিকায় আদর্শগত ও সাংস্কৃতিক পার্থক্য স্পষ্ট।”



