বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের ভোটগ্রহণের সময় ২৬ নম্বর ওয়ার্ডের বেরেঙ্গা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটগ্রহণ চলাকালীন বেরেঙ্গা আব্দুল মতলিব এলপি স্কুলের ভোটকেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এজিপি প্রার্থীর স্বামী ভোটকেন্দ্রের ভিতরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এই ঘটনায় বাধা দিতে গেলে নির্দল প্রার্থী আমির হোসেন লস্করকে মারধর করা হয়।
অন্যদিকে, ভোটগ্রহণকে কেন্দ্র করে এজিপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।



