বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : শিলচরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে কড়া ভাষায় আক্রমণ করলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। বৃহস্পতিবার শিলচরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, শিলচরে সুস্মিতা দেবের কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই।
রূপম সাহা বলেন, “সুস্মিতা দেব শিলচরে কোনও প্রার্থী দিতে পারেননি। তিনি বড় বড় কথা বললেও এখানে তাঁর কোনও ভিত্তি নেই। তাঁর রাজনৈতিক অস্তিত্ব কলকাতায় থাকতে পারে, কিন্তু শিলচরে নয়। তিনি নিজেই প্রতিষ্ঠান বিরোধী। যদি এতই শক্তিশালী হন, তাহলে নিজে কেন নির্বাচনে দাঁড়ালেন না? কিংবা কাউকে প্রার্থী করলেন না কেন?”
উল্লেখ্য, এর আগে শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব অভিযোগ করেছিলেন যে, বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রূপম সাহা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এদিন রূপম সাহা আরও দাবি করেন, আসন্ন নির্বাচনে কাছাড় জেলার সবকটি বিধানসভা আসনেই বিজেপির জয় সুনিশ্চিত। তাঁর কথায়, “প্রতিটি আসনে ৪০ থেকে ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবেন।” কংগ্রেসকেও কটাক্ষ করে তিনি বলেন, “ষাট বছরের কংগ্রেস শাসনে কোনও উন্নয়ন হয়নি। কিন্তু গত দশ বছরে বিজেপির উন্নয়নমূলক কাজ দেখে কংগ্রেস কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন।”



