কার্ল মার্ক্সের মৃত্যুবার্ষিকী পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : মহান মার্ক্সবাদী চিন্তাবিদ কার্ল মার্ক্সের ১৪৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর কাছাড় জেলা কমিটি। এ উপলক্ষে শিলচরের জেলা কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। এরপর উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা কার্ল মার্ক্সের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন, বর্তমান পুঁজিবাদী শোষণের যুগে কার্ল মার্ক্সের দর্শন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শ্রমজীবী মানুষের মুক্তি এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে মার্ক্সবাদই পথপ্রদর্শক বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের সংকট যখন ক্রমশ ঘনীভূত হচ্ছে, তখন মার্ক্সীয় চিন্তাধারাকে সামনে রেখেই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
উক্ত কর্মসূচিতে দলের জেলা কমিটির অন্যান্য সদস্য, জেলা স্তরের নেতৃত্ব এবং বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মহান বিপ্লবীর স্মৃতিচারণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *