বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : ডলু বাগানের শ্রমিক রাজেশ মির্ধার জেল হেফাজতে রহস্যজনক মৃত্যুর পরিপ্রেক্ষিতে সিটুর পক্ষ থেকে শনিবার এক স্মারকপত্র কাছাড় জেলা আয়ুক্তের কাছে পেশ করা হয়। স্মারকপত্রে বলা হয়, রাজেশকে গ্রেফতার করা হয় ডলুর বাজার থেকে কিন্তু পরিবারকে কোনও খবর দেওয়া হয়নি।
গ্রেফতারের পর অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষার করা হয়নি অথচ পুলিশ বিভাগ থেকে বলা হয়েছে, সে আগেই অসুস্থ ছিল। তাকে আদালতে হাজির করার পর জেল হেফাজতে পাঠানো হয়। পরদিন পরিবারের লোকজন দেখা করতে গেলে অসুস্থতার অজুহাতে দেখা করতে দেওয়া হয়নি। পরদিন ভিডিপির মাধ্যমে পরিবার খবর পান যে রাজেশ গুরুতর অসুস্থ ,তাকে মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে জানা যায় রাজেশ মারা গেছে। এই গোটা পরিস্থিতিতে এত গোপনীয়তা কেন সেই প্রশ্ন উত্থাপন করা হয়েছে স্মারকলিপিতে। সুতরাং এই সমগ্র বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত সহ রাজেশের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং তার স্ত্রীকে সরকারি চাকরি প্রদানের দাবি জানানো হয়।



