দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : সারা অসম ন্যায় কর্মচারী সংস্থার ডাকে বিভিন্ন দাবির সমর্থনে ১৫ ও ১৬ জুলাই দুই দিনের কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করছেন শিলচরের তারাপুরস্থিত পারিবারিক আদালতের কর্মচারীরা। আদালতের কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য দাবিগুলি উপেক্ষিত হচ্ছে। বিশেষ করে শেট্টি কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিলম্ব ও প্রশাসনের অনীহার প্রতিবাদেই তাঁরা এই আন্দোলনে নেমেছেন।
কর্মচারীরা জানিয়েছেন, ধর্মঘট চলাকালীন শুধুমাত্র জরুরি পরিষেবা এবং আদালতের অনিবার্য কাজ চালু থাকবে। তবে অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে শেট্টি কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করা, বেতন-ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান, বদলি নীতিতে স্বচ্ছতা, উন্নত কর্মপরিবেশ এবং অন্যান্য পরিষেবাগত সুবিধা নিশ্চিত করা।
এই কর্মসূচিতে অংশ নেন দ্বিজেন্দ্র বর্মন, কে.পি. রংমাই, শ্রাবণী দত্ত, ইয়াসমিন আরা বড়ভূইয়া, নাজাম উদ্দিন, জনান্তিকা ভট্টাচার্য, কাবিদং গ্যাংমেই, নজিম আহমদ, ইমরানা বেগম লস্কর, অল্পনা পাল, পবিত্র ডেকা, লুংচুইলং কামেই, রিঙ্কু বৈদ্য, রত্নজিৎ নাথ, নির্মল দে, রাজু সিংহ-সহ পারিবারিক আদালতের অন্যান্য কর্মচারীরা।



