বরাক তরঙ্গ, ১৮ জুলাই : মানবিকতা ও শিক্ষার প্রতি গভীর অঙ্গীকারের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কটন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. পান্নালাল গোস্বামী এবং তাঁর সহধর্মিণী ড. নন্দিতা ভট্টাচার্য। নিজেদের আজীবনের সঞ্চিত অর্থ থেকে ১ কোটি টাকা দান করে তাঁরা সমাজের সামনে এক অনুকরণীয় উদাহরণ তুলে ধরেছেন।
অধ্যাপক দম্পতি এই বিপুল অর্থ নলবাড়ির কুমার ভাস্কর বর্মা সংস্কৃত ও প্রাচীন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়কে প্রদান করেছেন। বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত, প্রাচীন ভারতীয় জ্ঞানচর্চা, গবেষণা এবং উচ্চশিক্ষার প্রসারে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন কটন কলেজে অধ্যাপনা করে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ে তুলেছেন ড. পান্নালাল গোস্বামী ও ড. নন্দিতা ভট্টাচার্য। অবসরের পরও শিক্ষা ও সমাজের কল্যাণে তাঁদের এই উদ্যোগ শিক্ষাবিদ মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের গবেষণার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই তাঁরা এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক দম্পতির এই মহানুভবতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁদের মতে, এই অনুদান শুধু আর্থিক সহায়তাই নয়, শিক্ষা ও সমাজসেবার প্রতি এক অসাধারণ দায়বদ্ধতার পরিচয় বহন করে। শিক্ষা ক্ষেত্রে এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষানুরাগীরা।



