বরাক তরঙ্গ, ১৮ জুলাই : সোনাবাড়িঘাট হাসপাতালের এক জিএনএম ছিনতাইবাজ মহিলাদের খপ্পরে পড়েন। ঘটনাটি ঘটে শনিবার। ভুক্তভোগী জিএনএম, লস্কর পদবীর ওই স্বাস্থ্যকর্মী জানান, বিকেল প্রায় ৩টা নাগাদ সোনাবাড়িঘাট বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে একটি অটোতে ওঠেন। তাঁর দাবি, অটোতে ওঠার পর চারটি শিশু ও দুই মহিলা একই গাড়িতে ওঠেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি অটো থেকে নেমে যান। সেই সময় এক শিশু তাঁর ব্যাগ থেকে পার্সটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
মূহূর্তে তিনি টের পেয়ে সঙ্গে সঙ্গে আরেকটি অটো নিয়ে ওই অটোর পিছু ধাওয়া করেন। বাইপাসে পৌঁছলে দেখতে পান দুই মহিলা হেঁটে যাচ্ছে। তিনি অটো থেকে ডাকাডাকি করলে মহিলা দু’জন দ্রুত অন্য একটি অটোয় ওঠে চলে যাওয়ার চেষ্টা করে। তাঁর অটোটি দ্রুত গিয়ে বাইপাসে আটকায় অটোটি। এরপর মহিলা দু’জনকে তিনি আটক করে ব্যাগটি দেওয়ার জন্য আর্জি করেন। মহিলারা তা মানতে নারাজ। এসব দেখে কিছুলোক জমায়েত হন। পৌঁছেন প্রাক্তন জিপি সভাপতি রফিকুল ইসলামও। তিনিও ব্যাগটি ফিরিয়ে দিতে মহিলাদের বলেন। জিএনএম তিক্তবিরক্ত হয়ে মহিলাদের কিছু মারধর ও ভয় দেখান। তখন এক মহিলা জানায় তাকে ছেড়ে দিলে সে ব্যাগটি এনে দিবে। কিন্তু জমায়েত হওয়া লোকরা তার আশ্বাস মানেননি। তাঁরাও সঙ্গে যাবেন বলে সাফ জানিয়ে দেন।
এমতাবস্থায় সোনাবাড়িঘাটের একটি দোকান থেকে জিএনএমের পরিচিত এক ব্যক্তি ফোন করে জানান, দুই শিশু একটি ব্যাগ দোকানে রেখে গেছে। শিশুদের দাবি, তারা মেডিক্যাল সংলগ্ন এলাকা থেকে ব্যাগটি কুড়িয়ে পেয়েছে। খবর পেয়ে স্বাস্থ্যকর্মী সেখানে গিয়ে নিজের ব্যাগ ফিরে পান।
ভুক্তভোগীর দাবি, আটক দুই মহিলা নিজেদের উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পরিচয় দেন এবং এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেন। তবে ঘটনাটি পুলিশ পর্যন্ত আর পৌঁছয়নি।



