বরাক তরঙ্গ, ১৬ মার্চ : আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে সেরা গবেষণাপত্রের পুরস্কার পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক। মণিপাল একাডেমি অব হায়ার এডুকেশনে আয়োজিত এনকিউকম্প-২০২৬ আন্তর্জাতিক সম্মেলনে এই সম্মান লাভ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক শিবাশিস গৌর। গবেষণার সহযোগী হিসেবে ছিলেন তাঁর পিএইচডি গাইড ড. তপোধীর আচার্য। গবেষণাপত্রের শিরোনাম ছিল, ‘সুরক্ষিত আইওএমটি-তে সহজলভ্য পিপিজি-ভিত্তিক জৈব-পরিচয় যাচাইকরণের জন্য একটি অভিনব হাইব্রিড কোসাইন সাদৃশ্য এবং ইসিসি কাঠামো’।
সম্মেলনের কারিগরি কর্মসূচি কমিটি ও অধিবেশন সভাপতিদের মূল্যায়নের ভিত্তিতে উন্নত গণনাপদ্ধতি বিভাগে তাঁদের এই গবেষণাপত্রকে সেরা হিসেবে নির্বাচন করা হয়। গবেষণাটিতে নিরাপদ চিকিৎসা সংযুক্তি ব্যবস্থায় হালকা, দ্রুত ও নির্ভরযোগ্য জীবপরিচয় যাচাই পদ্ধতি উন্নয়নের একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে, যা ভবিষ্যতের স্বাস্থ্য প্রযুক্তি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু গবেষক অংশগ্রহণ করেন এবং আধুনিক গণনাপদ্ধতি ও প্রযুক্তি বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।




