এসআর : ‘আপনা টাইম আয়েগা’ বলে হুঁশিয়ারি রাজেন পালিতের

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : এসআর-এ সাধারণ মানুষের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ এনে চরম হয়রানি চালানো হচ্ছে—এই অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল কংগ্রেস। নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজেন পালিত অভিযোগ করেন, এসআর (SR)–এর মাধ্যমে ধলাই বিধানসভা আসনে ৬ হাজারেরও বেশি সাধারণ মানুষের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, যার ফলে বহু নিরীহ পরিবার আতঙ্ক, হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে। রাজেন পালিত সরাসরি শাসক দলকে নিশানা করে বলেন, এটি কোনও প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ষড়যন্ত্র। কংগ্রেস ও বিরোধী কণ্ঠস্বর দমন করতেই সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি দৃপ্ত কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভয় দেখিয়ে, মামলা দিয়ে, প্রশাসনকে ব্যবহার করে কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না। ‘আপনা টাইম আয়েগা’ বলে হুঁশিয়ারি দেন পালিত।

তার দাবি, আগত নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই শাসক দল মরিয়া হয়ে উঠেছে। পায়ের নিচে মাটি সরে যেতে দেখে ভোট চুরি, ভয় দেখানো এবং প্রশাসনিক চাপের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা চলছে। কিন্তু জনগণের শক্তির কাছে এই সব কুটকৌশল টিকবে না বলেও স্পষ্ট বার্তা দেন ব্লক সভাপতি।

রাজেন পালিত আরও বলেন, ধলাই বিধানসভা কেন্দ্রে আজ যে রাজনৈতিক দমননীতি চলছে, তা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। সাধারণ মানুষের কণ্ঠ রোধ করতে শাসক দল প্রশাসনকে হাতিয়ার বানিয়েছে। কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে প্রস্তুত এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *