বরাক তরঙ্গ, ৭ জুন : আগামী ১ জুলাই দুই দিনের সফরে অসমে আসছেন জাপানের প্রধানমন্ত্রী Sanae Takaichi। তাঁর এই সফরকে কেন্দ্র করে ২ জুলাই অসমে পৌঁছাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুয়াহাটিতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সফরসূচি অনুযায়ী, ১ জুলাই অসমে পৌঁছাবেন জাপানের প্রধানমন্ত্রী। ২ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুয়াহাটিতে এসে তাঁর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। ২ ও ৩ জুলাই ভারত-জাপান দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ৩ জুলাই জাপানে ফিরে যাবেন সানায়ে তাকাইচি।
উল্লেখ্য, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনের সময় জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী Shinzo Abe-র অসম সফরের পরিকল্পনা ছিল। সেই সময় তাঁর সঙ্গে একটি বড় বিনিয়োগকারী প্রতিনিধিদলও আসার কথা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে সেই সফর বাতিল হয় এবং সম্ভাব্য বিনিয়োগের সুযোগ হাতছাড়া হয় অসমের।
প্রায় ছয় বছর পর আবারও অসমে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-জাপান দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। রাজ্য সরকার আশা করছে, এই সফর ও বৈঠকের মাধ্যমে অসমে নতুন বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।



