“জন ভাগিদারি–সবচেয়ে দূরে, সবচেয়ে আগে” প্রচারাভিযান উপলক্ষে শ্রীভূমিতে প্রস্তুতি সভা

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ মে : শ্রীভূমি জেলার প্রত্যন্ত দুর্গম এবং সুবিধা বঞ্চিত অঞ্চলের জনগণের কাছে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা এবং বিভিন্ন সচেতনতা মূলক বার্তা কার্যকর ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা “জন ভাগীদারি –সবচেয়ে দূরে সবচেয়ে আগে” শীর্ষক প্রকল্পের আইইসি (তথ্য, শিক্ষা ও যোগাযোগ) প্রচারাভিযান উপলক্ষে শুক্রবার শ্রীভূমিতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই  সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তামিম। সভায় জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, আধিকারিক ও প্রতিনিধিগণ উপস্থিত থেকে প্রচারাভিযান সফলভাবে পরিচালনার জন্য নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনাকালে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় যাতে সমাজের প্রত্যেক স্তরের মানুষ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, সামাজিক নিরাপত্তা প্রকল্প, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন পরিষেবার সুবিধা সম্পর্কে যথাযথভাবে অবগত হতে পারেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা আয়ুক্ত  মারিয়া তামিম বলেন যে, সরকারের জনমুখী কর্মসূচির প্রকৃত সুফল তখনই নিশ্চিত হবে যখন তা জেলার একেবারে প্রান্তিক ও দূরবর্তী অঞ্চলের সাধারণ মানুষের কাছে তা পৌঁছাবে। তিনি বলেন, “জন ভাগিদারি – সবচেয়ে দূরে, সবচেয়ে আগে” প্রচারাভিযানের মূল লক্ষ্যই হলো জনগণকে সরকারি পরিষেবার সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করা এবং উন্নয়নের ধারায় সকলকে সম্পৃক্ত করা। তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রচারাভিযান সফল করতে হলে প্রত্যেক বিভাগকে আন্তরিকতা, দায়িত্ববোধ ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

সভায় প্রচারাভিযানের সম্ভাব্য কর্মসূচি ও রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে গ্রামীণ ও দুর্গম এলাকায় বিশেষ সচেতনতামূলক শিবির আয়োজন, প্রচার সামগ্রী বিতরণ, সাংস্কৃতিক ও তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কিত তথ্য প্রদান এবং জনগণের অভিযোগ ও সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই আইইসি প্রচারাভিযানের মাধ্যমে জেলার সাধারণ মানুষের মধ্যে সরকারি পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জনঅংশগ্রহণ নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততা বৃদ্ধি করাই প্রধান লক্ষ্য। সভায় বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *