প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন অমিত শাহর

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : অসমের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে রবিবার মোট ২,০৯২ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের সফরে শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছানোর পর রবিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করেন এবং আরও কয়েকটি প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ৬৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কলেজ ও হাসপাতালটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ভার্চুয়ালি দুটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রও উদ্বোধন করেন তিনি। অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন-এর অধীনে ১৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোলাঘাট ক্যান্সার চিকিৎসা কেন্দ্র এবং একই ব্যয়ে নির্মিত তিনিচুকিয়ার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র জনসাধারণের জন্য খুলে দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেসের শাসনকালে স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করেছে। তাঁর দাবি, কংগ্রেস আমলে শিশুদের নামে নানা প্রকল্পে বিপুল অর্থ অপব্যবহার হয়েছে। তিনি আরও বলেন, “অসম থেকেই সাংসদ হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং, তবুও তখন রাজ্যের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আজ বিজেপি সরকারের সময়ে স্বাস্থ্য খাতের বাজেট বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ এর সুবিধা পাচ্ছে। অসম ও উত্তর-পূর্ব এখন নতুন উন্নয়নের পথে এগোচ্ছে।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংসদের গুরুত্ব সম্পর্কে রাহুল গান্ধীর কোনও ধারণা নেই এবং তিনি প্রায়ই সংসদীয় বিষয় নিয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতের উন্নয়নের বিরোধিতা করাও তিনি সমালোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “অসমের স্বাস্থ্য খাতের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ মোট ২,০৯২ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৫০৫ শয্যাবিশিষ্ট প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ আজ উদ্বোধন করা হয়েছে। বর্তমানে অসমে ১৫টি মেডিক্যাল কলেজ রয়েছে। ভবিষ্যতে সব প্রকল্প সম্পূর্ণ হলে এমবিবিএস আসনের সংখ্যা ৫,০০০-এ পৌঁছাবে।” তিনি আরও বলেন, “আমরা প্রত্যেক জেলায় একটি করে মেডিক্যাল কলেজ স্থাপনের স্বপ্ন দেখছি এবং ২০৩০ সালের মধ্যে তা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। এছাড়া বর্তমানে রাজ্যে ১২টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র রয়েছে এবং আজ আরও দু’টি কেন্দ্র চালু করা হয়েছে।”

এদিন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি প্রায় ২২০ কোটি টাকা ব্যয়ে ডিফু মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল, ৩১০ কোটি টাকা ব্যয়ে যোরহাট মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল, ২৮৪ কোটি টাকা ব্যয়ে বরপেটা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল, ১১৫ কোটি টাকা ব্যয়ে অভয়াপুরী জেলা হাসপাতাল এবং ২১৮ কোটি টাকা ব্যয়ে গুয়াহাটির ছয়মাইলে নির্মিতব্য স্বাস্থ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *