এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : দীর্ঘদিন ধরে জাতীয় সড়কে আটকে থাকা পণ্যবাহী লরির চালকদের দুর্ভোগে এবার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল গুমড়া পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা। মঙ্গলবার যৌথ উদ্যোগে আটকে থাকা লরি চালকদের মধ্যে রান্না করা ভাত ও বিশুদ্ধ পানীয়জল বিতরণ করা হয়। কাছাড়ের গুমড়া সেতু বিকল হয়ে পড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী লরির চলাচল দীর্ঘদিন ধরে ব্যাহত রয়েছে। এর ফলে গুমড়া থেকে মালিডহর পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন স্থানে শতশত পণ্যবাহী লরি আটকে পড়েছে। দিনের পর দিন সড়কে অপেক্ষা করতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন চালকরা। বিশেষ করে খাবার ও বিশুদ্ধ পানীয় জলের সংকট তাঁদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।
এই পরিস্থিতিতে লরি চালকদের দুর্দশা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন গুমড়া পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা। তাঁদের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার চালকদের হাতে খাবার ও বিশুদ্ধ পানীয়জল তুলে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে এই সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন লরি চালকরা।
দুর্দিনে আটকে থাকা চালকদের পাশে দাঁড়িয়ে গুমড়া পুলিশ ও সংবাদকর্মীদের এই মানবিক উদ্যোগ এলাকার সাধারণ মানুষেরও প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।



