বিজেপির উপর অসন্তুষ্ট মানুষ, পরিবর্তন চাইছেন: অভিজিৎ

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : শাসক বিজেপি সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে এবং সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন বলে দাবি করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অভিজিৎ পাল বলেন, দক্ষিণ আসামের অন্যতম প্রধান বাণিজ্যিক, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র শিলচর শহর হলেও গত এক দশকে শহরের মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত। বিশেষ করে জল জমে থাকা ও নিকাশি ব্যবস্থার অভাব দীর্ঘদিনের সমস্যা হলেও তা সমাধানে কোনো সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রাক্তন জনপ্রতিনিধি দিলীপ কুমার পাল ও দীপায়ন চক্রবর্তীর আমলেও এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বর্তমান বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের সমালোচনা করে অভিজিৎ পাল দাবি করেন, সাংসদ থাকাকালীনও তিনি উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি, ফলে তাঁর কাছ থেকে মানুষ নতুন করে খুব বেশি আশা করছেন না। সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, বরিষ্ঠ নেতা অরুণ দত্ত মজুমদার, সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত ও সজল বণিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরে অভিজিৎ পাল বলেন, শিলচরের মানুষ বর্তমানে জলাবদ্ধতা, যানজট ও বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন। তিনি নির্বাচিত হলে এই সমস্যাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। এছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি তাঁর উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। অভিজিৎ পালের দাবি, শিলচরের সার্বিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *