গৌরব গগৈর জন্মদিনে করিমগঞ্জে জেলা কংগ্রেসের জমকালো আয়োজন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ  ৪ সেপ্টেম্বর : প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈয়ের জন্মদিন উপলক্ষে আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন’-এ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে গৌরব গগৈর জন্মদিন পালন করার পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন উপস্থিত কংগ্রেস নেতা-কর্মীরা।জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গৌরব গগৈর রাজনৈতিক কর্মজীবন, সাংগঠনিক দক্ষতা এবং অসমে কংগ্রেসকে নতুন করে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গৌরব গগৈ দলকে একটি শক্তিশালী সূত্রে বাঁধার চেষ্টা করেছেন। তাঁর নেতৃত্বে দলের মধ্যে শৃঙ্খলা ফিরে এসেছে এবং আগের তুলনায় গোষ্ঠীবাজিও অনেকটাই লাঘব হয়েছে বলে দাবি করেন তিনি।তাপস পুরকায়স্থ আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকতেই পারে। কিন্তু দলের আদর্শ ও নীতির সঙ্গে আপস করলে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তাই কংগ্রেসের আদর্শকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে গৌরব গগৈর নেতৃত্বের প্রশংসা করে বলেন, বিগত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি অসমে কংগ্রেস দলের হাল ধরেছিলেন। তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি। শাহাদত আহমদ চৌধুরী বলেন, আগামী বিধানসভা ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে অসমে কংগ্রেস দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামবে এবং গৌরব গগৈর নেতৃত্বে সরকার গঠন করবে এমনই প্রত্যাশা দলের নেতা-কর্মীদের।তিনি আরও দাবি করেন, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের মধ্যে কংগ্রেসের প্রতি সমর্থন বাড়ছে। জনমত ধীরে ধীরে কংগ্রেসের দিকে আসছে বলেও মন্তব্য করেন তিনি। জন্মদিনের এই অনুষ্ঠানে বক্তারা গৌরব গগৈয়ের রাজনৈতিক ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং তিনি দীর্ঘদিন জনগণের সেবা করার সুযোগ পান—এই কামনা করেন। একইসঙ্গে আগামী দিনে কংগ্রেসকে আরও শক্তিশালী করতে তৃণমূল স্তর থেকে দলীয় সংগঠনকে মজবুত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কেক কাটার পর উপস্থিত সবাই একে অপরকে শুভেচ্ছা জানান এবং প্রদেশ কংগ্রেস সভাপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভঙ্কর দাস, প্রদীপ কুরি, অহিরঞ্জন দে, রিনা চক্রবর্তী, তন্ময় মজুমদার, প্রশান্ত পাল, কমর উদ্দিন, টিনা সেন সহ জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *