নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জুন : বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কার্যনির্বাহী ও জেনারেল কাউন্সিল সভা শেষে উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে উত্তরীয়, স্মারক ও ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। এসময় উপস্থিত সদস্যরা তাঁর রাজনৈতিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করেন।

এরপর বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক ভ্যালি টি ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বরাক উপত্যকার চা-জনগোষ্ঠীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১৮৬ জন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন ছাত্রছাত্রীকে উত্তরীয়, স্মারক, ফাইল কভার এবং নগদ অর্থ প্রদান করে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিরঞ্জন রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার স্কুল পরিদর্শক মিঠুন জহরি, জগন্নাথ সিং কলেজ, উধারবন্দের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ, নেহরু কলেজ, পয়লাপুলের অধ্যক্ষ ড. শুভজিৎ চক্রবর্তী এবং অসম সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা রৌহন দেব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালা, মালুগ্রাম-রংপুর মণ্ডল সভাপতি পুলক দেব, বরাক চা যুব কল্যাণ সমিতির লালন প্রসাদ গোয়ালা, বরাক চা শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক বাবুল কানুসহ ইউনিয়নের বিভিন্ন পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, শিক্ষা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। চা-জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখছে, যা অত্যন্ত গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সাংসদ কৃপানাথ মালা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমেই জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান।

মুখ্য অতিথি ড. নিরঞ্জন রায় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও জ্ঞান অর্জন সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্যপূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। চা-জনগোষ্ঠীর শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের ক্ষেত্রে এই উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *