বরাক তরঙ্গ, ১০ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আয়োজিত হলো “বিকশিত ভারতের জন্য জেন্ডার ডিভিডেন্ড: অগ্রগতি, ঘাটতি ও সম্ভাবনার অনুসন্ধান” শীর্ষক এক জাতীয় সেমিনার। ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের উত্তর–পূর্ব আঞ্চলিক কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সেমিনারে দেশ–বিদেশের শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নিয়ে লিঙ্গ সমতা, মহিলা ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের আহ্বায়ক ড. সাগরিকা দে। তিনি উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে জেন্ডার ডিভিডেন্ডকে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরেন।
দর্শন বিভাগের অধ্যাপক পিয়াস ভি থমাস সমকালীন সমাজে লিঙ্গ সম্পর্ক ও বৈষম্য বোঝার ক্ষেত্রে ‘ইন্টারসেকশনালিটি’র গুরুত্ব ব্যাখ্যা করেন। লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে একাডেমিক আলোচনা ও গবেষণার ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ঋত্বিক মজুমদার ও অধ্যাপক রাজু মণ্ডল। সেমিনারের অ্যাকাডেমিক আলোচনার অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রাবন্তী মাইতি আমন্ত্রিত বক্তৃতা প্রদান করেন। তিনি মহিলা ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধিতে স্বনির্ভর গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
সেমিনারে দুই দফায় মোট ছয়টি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। বিভিন্ন গবেষক লিঙ্গ ও উন্নয়ন সম্পর্কিত নানা বিষয়ের ওপর তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল লিঙ্গ সমতার নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামো, স্বাস্থ্য ক্ষেত্রে লিঙ্গভিত্তিক ঝুঁকি, শ্রমবাজারে অংশগ্রহণ, লিঙ্গ সমতার সামাজিক–অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, নীতি ও জেন্ডার ডিভিডেন্ডের সম্পর্ক, এবং ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি।



